দীপ্ত নিউজ
বাংলাদেশ

৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন
ছবি: সংগৃহীত

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এরমধ্যে গোপালগঞ্জেই মোতায়েন করা হয়েছে ৫৬ প্লাটুন বিজিবি। পাশাপাশি আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জ ৭ প্লাটুন, গাজীপুর ১৮ প্লাটুন, গোপালগঞ্জ ৫৬ প্লাটুন, চট্টগ্রাম ৩ প্লাটুন এবং কক্সবাজার ৭ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কাজে ড্রোন, বডি–ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।