শিরোনাম
৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’ সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ২০টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

৪৬তম বিসিএস চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রবিবার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ১৫ মার্চ ও ২১ মে ২০২৬ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতন স্কেলে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন।

আগামী ২০ ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রাপ্তদের ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী যোগ না দিলে তিনি চাকরিতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। পাশাপাশি নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্ন তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় সংশোধন বা বাতিলের এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এরপর চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত পেশাগত ও বিশেষ প্রশিক্ষণও সম্পন্ন করতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত কর্মকর্তাদের ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ মেয়াদ আরও ২ বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযুক্ত বলে বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ না করেই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ করার পর তাদের চাকরি স্থায়ী করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চাকরিতে যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের ৩০০ টাকা মূল্যের নন–জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ ও প্রদান না করার অঙ্গীকারনামা জমা দিতে হবে। এ ছাড়া সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী নিজের ও পরিবারের সদস্যদের স্থাবর–অস্থাবর সম্পত্তির বিবরণীও দাখিল করতে হবে।

উল্লেখ্য, ৪৬তম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশিত হয় চলতি বছর ৮ ফেব্রুয়ারি। এতে ১ হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।