
হত্যার প্ররোচনার দায়ে স্বামীর কারাদণ্ড

ফেনীতে স্ত্রীকে হত্যার প্ররোচনা মামলায় স্বামী আহসান উল্যাহকে (৫০) ৫ বছর কারাদণ্ড প্রদান করেছে আদালত।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে এ রায় প্রদান করেন ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ।
একই সাথে আসামির ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, মামলার ১০ সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে উক্ত কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছেন। চলতি বছরের ২০ জুলাই এ মামলায় সর্বশেষ সাক্ষ্য প্রদান করেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই আনিচুল হক সরকার।
এপিপি দ্বীজেন্দ্র কুমার কংশ বণিক রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনা করেন । তিনি জানান, দাগনভূঞা উপজেলার বাতশিরি গ্রামের মৃত আনা মিয়ার ছেলে আহসান উল্যাহ তার স্ত্রী খোদেজা বেগমকে নির্যাতন করতো। তাকে বিষ খেয়ে মারা যাওয়ার জন্য প্ররোচনা দিতো। ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর খোদেজা বেগম বিষ খেয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় তার বোন ছায়েরা খাতুন বাদী হয়ে আহসান উল্যাহকে আসামী করে পরের দিন আদালতে মামলা দায়ের করেন। ২০১৪ সালের ২২ মার্চ আহসানকে অভিযুক্ত করে তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট প্রদান করেন।
এসএ/দীপ্ত নিউজ








