
স্বর্ণ কিনতে বারণ করেছিলাম, তাই দাম কমেছে: মোদি

এক বছরের জন্য জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বানে ভারতের নাগরিকেরা সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মে মাসে নাগরিকদের স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশের মানুষ তার সেই আহ্বানে সাড়া দিয়েছেন বলেই মূল্যবান এই ধাতুটির দাম এখন কমেছে।
চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড উচ্চতায় ওঠার পর ভারতের বাজারে স্বর্ণের দাম ৩২ শতাংশের বেশি কমেছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম বড় অঙ্কে কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) ২১ নভেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী, ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার রুপি থেকে কমে ১ লাখ ২২ হাজার রুপিতে দাঁড়িয়েছে। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। সে হিসাবে ভরিতে দাম কমেছে প্রায় ৬৭ হাজার ৬৬১ রুপি।
এদিকে নাগরিকদের স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানোর কারণে স্বর্ণের দাম কমেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে দেয়া ভাষণে মোদি বলেন, আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, এক বছরের জন্য খুব প্রয়োজন না হলে অনুগ্রহ করে স্বর্ণ কিনবেন না।








