সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছিলো না মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের । একের পর এক বড় বাজেটের সিনেমা প্রত্যাশা অনুযায়ী সাড়া না পাওয়ায় প্রশ্ন উঠেছিল স্টুডিওর ভবিষ্যৎ নিয়েও।
সেই পরিস্থিতিতে যেন নতুন করে আশার আলো দেখাল ‘স্পাইডার–ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।
দ্য গার্ডিয়ান প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে ৯২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১ হাজার ৩০০ কোটি টাকা। এই আয় দিয়ে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার–ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।
এর আগে, এই তালিকার শীর্ষে রয়েছে ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার উদ্বোধনী আয় ছিল প্রায় ১২২ কোটি ডলার।
মাত্র তিন দিনে ৯২ কোটি ডলারের বেশি আয় করে সিনেমাটি এর আনুমানিক ২২ কোটি ৫০ লাখ ডলারের নির্মাণ ব্যয়ও সহজেই পুষিয়ে নিয়েছে। ফলে মুক্তির প্রথম সপ্তাহান্তেই বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে আলোচনায় উঠে এসেছে ‘ব্র্যান্ড নিউ ডে’।
যুক্তরাষ্ট্র ও কানাডা‘র বাজারে সিনেমাটির উদ্বোধনী আয় হয়েছে ৩৫ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্য দিয়ে উত্তর আমেরিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ‘স্পাইডার–ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।
এই তালিকাতেও শীর্ষে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। মুক্তির প্রথম সপ্তাহান্তে উত্তর আমেরিকার বাজার থেকে সিনেমাটি আয় করেছিল ৩৫ কোটি ৭০ লাখ ডলার।
আন্তর্জাতিক বাজার থেকেও দুর্দান্ত সাড়া পেয়েছে ‘স্পাইডার–ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহ থেকে এসেছে আরও ৫৭ কোটি ২০ লাখ ডলার।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম’–এর ঘটনার কয়েক বছর পরের সময়কে ঘিরেই এগিয়েছে ‘ব্র্যান্ড নিউ ডে’র গল্প। এবারও পিটার পার্কার ওরফে স্পাইডার–ম্যান চরিত্রে দেখা গেছে টম হল্যান্ডকে
এসএ