দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাতক্ষীরায় ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাতক্ষীরায় ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

সাতক্ষীরায় ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় সাইকেল-চালক মাদ্রাসার ছাত্র পারভেজ (১৫) নিহত হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় সম্রাট প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ পারভেজ (১৫) সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরানদহা গ্রামের মোঃ আমিরুল ইসলামের ছেলে। তিনি খানপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ছিলেন।

নিহতের বাবা জানান, তার ছেলে পারভেজ মাদ্রাসায় পড়াশুনার পাশপাশি শহরের বাস টার্মিনালে একটি মটর গ্যারেজে কাজ করত। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সে শহরের শহীদ আলাউদ্দিন চত্বরের একটি দোকান থেকে মটর পার্টস কিনে সাইকেলে করে টার্মিনালে আসছিলো। পথিমধ্যে সম্রাট প্লাজার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভ্যান তার সাইকেলে সজোরে ধাক্কা মারে। এতে সে মারাত্মক জখম হয়।

তিনি আরও বলেন, আশঙ্কাজনক অবস্থায় পারভেজকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান মাদ্রাসা ছাত্র পারভেজের সত্যতা নিশ্চিত করে বলেন, সদর হাসপাতালে লাশ রাখা হয়েছে। ঘাতক ইঞ্জিনভ্যানটি পালিয়ে গেছে।

 

আফ/দীপ্ত সংবাদ