শি চিনপিংকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে চলে এলেন ডোনাল্ড ট্রাম্প

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্টদের প্রথা ভেঙে এক নজিরবিহীন কূটনৈতিক সৌজন্যতা দেখালেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন ডিসিতে আসা চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে স্বাগত জানাতে সোজা সামরিক বিমানঘাঁটিতে পৌঁছে যান তিনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে জানা গেছে, স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় চীনা প্রেসিডেন্টের বিমান মার্কিন সামরিক ঘাঁটি ‘জয়েন্ট বেস অ্যান্ড্রুজ’এ অবতরণ করে। বিমান থেকে শি নামার পরপরই বিমানের সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ট্রাম্প। মেরিল্যান্ডে অবস্থিত এই বিমানঘাঁটিটি হোয়াইট হাউস থেকে প্রায় ১৩ মাইল দক্ষিণপূর্বে অবস্থিত।

সাধারণত ওয়াশিংটনে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান এলে তাদের হোয়াইট হাউসে স্বাগত জানানোই মার্কিন প্রেসিডেন্টদের চিরাচরিত নিয়ম।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের প্রবেশদ্বারে এবং চলতি বছরের এপ্রিলে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে সাউথ পোর্টিকোতে অভ্যর্থনা জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু বিমানবন্দরে গিয়ে বিদেশি কোনো নেতাকে স্বাগত জানানোর ঘটনা আন্তর্জাতিক কূটনীতিতে এক বিরল দৃশ্য।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬২ সালে ওয়াশিংটনের বিমানবন্দরে গিয়ে আইভরি কোস্টের প্রেসিডেন্ট ফেলিক্স উফুয়েবোয়িনির মতো কয়েকজন নেতাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। তবে সাম্প্রতিক দশকগুলোতে পোপদের সফর ছাড়া এ রীতি একপ্রকার বন্ধই হয়ে গিয়েছিল।

উদাহরণস্বরূপ, ২০০৮ সালে জর্জ ডব্লিউ বুশ পোপ ষোড়শ বেনেডিক্টকে এবং ২০১৫ সালে বারাক ওবামা পোপ ফ্রান্সিসকে এই জয়েন্ট বেস অ্যান্ড্রুজেই স্বাগত জানিয়েছিলেন।

ট্রাম্পের এই বিশেষ পদক্ষেপের বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি অ্যাক্সিওসকে জানান, ‘চলতি বছরের গ্রীষ্মে প্রেসিডেন্ট শি চিনপিং চীনে এক ঐতিহাসিক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক আতিথেয়তা দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পও এই চীনা প্রতিনিধিদলকে স্বাগতম জানিয়ে সেই আতিথেয়তারই প্রতিদান দিচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘আমেরিকান জনগণের সমৃদ্ধি ও জাতীয় স্বার্থ রক্ষা হয়, এমন যেকোনো ভালো চুক্তির জন্য প্রেসিডেন্ট যেকোনো বিশ্বনেতার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে প্রস্তুত।’ সূত্র: কালের কণ্ঠ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More