র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’–এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন মন্ত্রিসভা বৈঠকে র্যাব বিলুপ্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
নতুন আইনে নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এছাড়া র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে।
এছাড়া মন্ত্রিপরিষদের সভায় সীসা বিষক্রিয়ার ঝুঁকি হ্রাসে ‘ন্যাশনাল স্ট্রাটেজি এন্ড মাল্টি উয়ার এ্যাকশন প্ল্যান ফর আ লিড ফ্রি বাংলাদেশ ২০২৬–২০৩৫’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।