
রূপপুর বিদ্যুৎপ্রকল্পের শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৌশিকুর রহমান (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে ঈশ্বরদী স্টেডিয়াম রোডের পাকশী দিয়াড় বাঘইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌশিকুর রহমান ঢাকা মিরপুরের গোলাম রসুলের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা সিভিল ইঞ্জিনিয়ার্স কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী মিজানুর জানান, সকালে ঈশ্বরদী থেকে মোটরসাইকেলে বিদ্যুৎ কেন্দ্রে কাজে যাওয়ার পথে করিমনের (স্থানীয় নাম) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, ঘাতক করিমন গাড়িটিকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের সদস্যরা কাছে হস্তান্তর করা হবে।
এফএম/দীপ্ত সংবাদ





