দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার শপথ নেবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান ঘিরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২১ আগস্ট) বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় গাড়ি চলাচলে কিছু নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আমির খসরুর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ২১ আগস্ট বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় চলাচলকারী যানবাহনকে নির্ধারিত নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে ডিএমপি। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।
এতে বলা হয়, নির্দেশনা অনুযায়ী মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক–গুলিস্তানগামী সব বাসকে দৈনিক বাংলা–ইউবিএল–প্রেসক্লাব হয়ে চলাচল করতে বলা হয়েছে। এ ছাড়া অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায়ও এসব বাস চলাচল করতে পারবে। দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।
হানিফ ফ্লাইওভার থেকে আসা গাড়িগুলোকে জিরো পয়েন্ট থেকে ইউটার্ন না করে বাঁয়ে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা–শাপলা চত্বরের দিকে চলাচল করতে বলা হয়েছে। বিকল্প হিসেবে জিরো পয়েন্ট–ইউবিএল ক্রসিং–নাইটিঙ্গেল ক্রসিং–ফকিরাপুল ক্রসিং–শাপলা চত্বর–ইত্তেফাক হয়েও চলাচল করতে পারবে এসব গাড়ি।
ডিএমপি জানিয়েছে, সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। উল্লিখিত রাস্তাগুলো এড়িয়ে অন্য কোনো সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহার করার জন্য গাড়িচালকদের অনুরোধ করা হয়েছে।