দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব করা হয়েছে। সড়কটির সম্মানসূচক নাম রাখা হবে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে বিষয়ক কমিটির ২৩ সেপ্টেম্বর ২০২৬ সালের একটি প্রস্তাবনায় এ উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। এতে শহরের আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশ খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব করা হয়।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে শহরের ব্যস্ততম এলাকার আপার ওয়াকার ড্রাইভের একটি অংশ পরিচিত হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে।

ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী সড়কটির পূর্ব পাশের অংশে এই সম্মানসূচক নাম ব্যবহারের কথা বলা হয়েছে। জায়গাটি বিখ্যাত উইলিস টাওয়ারের কাছেই।

প্রস্তাবনায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের বিস্তারিত তুলে ধরা হয়েছে। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকার কথাও প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।

গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি অঙ্গীকারের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধিতে পরিচিতি পান বলে এতে বলা হয়।

এ ছাড়া মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তার ভূমিকার প্রশংসা করা হয়েছে। বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার নীতির বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রস্তাবনায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে উইলিস টাওয়ারের সঙ্গে বাংলাদেশের সংযোগের বিষয়টি। ভবনটির নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশি–আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের কথাও স্মরণ করা হয়েছে।

পাশাপাশি খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গও রয়েছে।

গত ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার মৃত্যুর পর তার গণতান্ত্রিক ভূমিকা ও জনসেবাকে স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ।