মুন্সীগঞ্জে পুলিশের সাথে ডাকাতের গোলাগুলি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের বিশেষ অভিযানে গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী নৌ–ডাকাত নয়ন বাহিনীর সেকেন্ড–ইন–কমান্ড পিয়াস সরকার (৩৩) ওরফে ডাকাত পিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মার্চ) বিকেল ৩ টার দিকে গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় সন্ত্রাসীরা পুলিশকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ এবং ইট পাটকেল নিক্ষেপ করলে তিন পুলিশ সদস্য আহত হয়।

আটককৃত– পিয়াস গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে। তার বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, নদীতে ডাকাতি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা আছে।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি এক নলা বন্ধুক, ২টি কার্তুজ, ৩টি তাজা ককটেল ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রাজিব খান বলেন, মুন্সীগঞ্জ সদর–গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান নেতৃত্বে আজকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে নৌ–ডাকাত নয়ন বাহিনীর সেকেন্ড–ইন–কমান্ড পিয়াসকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে পিয়াস ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ, ককটেল এবং ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। অভিযানে পিয়াসকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।

 

কায়সার/এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More