প্রায় ৯ মাস পর সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) প্রথম দফায় ১০টি ট্রাকে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে এসেছে।
বন্দর–সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ টন কাঁচা মরিচ আছে। প্রথম দিনেই প্রায় ১ লাখ কেজি, অর্থাৎ প্রায় ১০০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আবু মুছা জানান, সোমবার ১০টি ট্রাকে ভারতীয় কাঁচা মরিচ বন্দরে পৌঁছেছে। শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত এসব মরিচ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হবে।
আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, আমদানির অনুমতি পাওয়ার পরপরই প্রথম চালানে ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে আনা হয়েছে। এসব মরিচ দ্রুত দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে।
ভোমরা কাস্টমসের কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত সেগুলো দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হবে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, টানা বৃষ্টিতে সাতক্ষীরাসহ আশপাশের বিভিন্ন জেলার মরিচখেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনে বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে বাজারে সরবরাহ কমে যায়। মাত্র ১৫ দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হলেও গত কয়েক দিনে তা ২৫০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে।
সাতক্ষীরা শহর কাঁচা–পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে। এতে অল্প সময়ের মধ্যেই দাম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে প্রত্যাশা ।
এসএ