বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধের আল্টিমেটাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে আগামী বৃহস্পতিবারের (২৪ অক্টোবর) মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গণজমায়েতে এ দাবি জানান তিনি।

আব্দুল হান্নান মাসউদ বলেন, যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

রাষ্ট্রপতিকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার সময় শেষ হয়ে গেছে। ছাত্র–জনতা আর আপনাকে রাষ্ট্রপতি পদে দেখতে চায় না। হয় আপনি পদত্যাগ করুন না হলে ছাত্র–জনতা বঙ্গভবন ঘেরাও করে হাসিনার মতো পালাতে বাধ্য করাবে। ৭২ এর ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে সংবিধান নতুন সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব।

গণজমায়েতে সমন্বয়ক সারজিস আলম বলেন, ‌‘কী খেয়ে, কার কথা শুনে, মানসিক অবস্থার কোন পর্যায়ে গিয়ে, এখন মুখ দিয়ে কার চক্রান্ত উচ্চারণ করছেন যে, আপনার কাছে পদত্যাগপত্র নেই। আমরা ফ্যাসিস্ট চুপ্পুসহ ফ্যাসিস্ট দোসরদের একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যদি বাংলাদেশে ফ্যাসিস্ট ও খুনিদের কোনো উৎপাত লক্ষ্য করি ছাত্র–জনতা ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।’

প্রতিবাদ সভায় উপস্থিত লোকজনকে ‘Step Down Chuppu’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘চুপ্পু হটাও, দেশ বাঁচাও’, ‘চুপ্পু তুই সরে যা, ধেয়ে আসছে জনতা’, ‘দফা এক দাবি এক, চুপ্পুর পদত্যাগ’–সহ বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করতে এবং স্লোগান দিতে থাকে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More