বিশ্বকাপ মাতিয়ে নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের ভোজিনহা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এবার নতুন ক্লাব পেয়েছেন। ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দিচ্ছেন।

শুক্রবার (২৪ জুলাই) চিলিয়ান ক্লাবটির সভাপতি আনিবাল মোসা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফ্রি এজেন্ট হিসেবে থাকা ভোজিনহা খুব শীঘ্রই চিলিতে পাড়ি জমাবেন। সেখানে মেডিকেল সম্পন্ন করার পর ক্লাবটির ঘরের মাঠ ‘এস্তাদিও মনুমেন্তাল’এ আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। ক্লাবটির সভাপতি আনিবাল মোসা বেশ উচ্ছ্বসিত।

তিনি জানিয়েছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই তিনি চিলিতে আসছেন এবং সব আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের দলের অংশ হবেন।’

তবে দুই পক্ষের মধ্যে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোলো কোলো একটি ছবি পোস্ট করে ভোজিনহাকে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছে। কেপ ভার্দে গোলরক্ষকের কোঁকড়ানো চুলের সংকেত দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে ‘অরা।’

পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবেই বিশ্বকাপে খেলতে এসেছিলেন ভোজিনহা। তবে টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স তাকে বিশ্বের অন্যতম আলোচিত গোলরক্ষকে পরিণত করে। বিশ্বকাপে তার পারফরম্যান্সের পর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮.৩ মিলিয়নে। সমর্থকদের ভোটে জায়গা করে নেন টুর্নামেন্টের সেরা একাদশেও।

৪০ বছর বয়সী ভোজিনহা পেশাদার ক্যারিয়ারে আরও এক বা দুই মৌসুম খেলতে চান। সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ভোজিনহা বলেন, ‘আমি এমন একটি দল চাই, যারা আমার খেলোয়াড়ি দক্ষতাকে মূল্যায়ন করবে, শুধু মার্কেটিংয়ের জন্য কিনবে না।’ সে সময় তার ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও উঠেছিল।

কোলো কোলো চিলির সবচেয়ে জনপ্রিয় ও সফল ফুটবল ক্লাব। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ক্লাব চিলির সান্তিয়াগো শহরের প্রতিনিধিত্ব করে। বর্তমানে দলের কোচ আর্জেন্টিনার ফার্নান্দো অর্তিজ। দলে আছেন আর্তুরো ভিদালের মতো পরিচিত মুখ। ক্লাবটি এখন পর্যন্ত ৩৪টি চিলিয়ান লিগ, ১৪টি কোপা চিলি এবং ১৯৯১ সালের কোপা লিবার্তোদোরেস জিতেছে, যা কোনো চিলিয়ান ক্লাবের প্রথম ও একমাত্র লিবার্তোদোরেস শিরোপা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More