শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
রাজধানী

গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’
ছবি: সংগৃহীত

‘বিয়ে কোনো নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার লাইসেন্স নয়; এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধন’— রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় গৃহবধূ খবিরুন নেছা হত্যা মামলার রায়ে এমন তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–১৩–এর ভারপ্রাপ্ত বিচারক মো. জাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

রায়ে নিহত খবিরুন নেছার স্বামী নুরুল আফসার (নুরুল আবসার)-কে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা হয় এবং পরে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ।

পর্যবেক্ষণে বিচারক বলেন, স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং এটি একটি গুরুতর অপরাধ। স্ত্রীর কোনো আচরণ, মতভেদ বা দাম্পত্য কলহ স্বামীকে নির্যাতন, শারীরিক আঘাত কিংবা হত্যার অধিকার দেয় না। স্ত্রী স্বামীর সম্পত্তি নন; তিনি একজন স্বতন্ত্র মানুষ, যার নিজস্ব মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার রয়েছে।

দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দেখা দিলে আইনসম্মতভাবে বিচ্ছেদের পথ খোলা থাকলেও সহিংসতার কোনো বৈধতা নেই উল্লেখ করেন বিচারক।

বিচারক বলেন, ক্রোধের বশে সংঘটিত নিষ্ঠুরতা শুধু একটি জীবনই কেড়ে নেয় না, সন্তানদের ভবিষ্যৎও বিপর্যস্ত করে। ভালোবাসার সম্পর্কে অধিকার থাকতে পারে, কিন্তু নির্যাতনের অধিকার কারও নেই।

সাক্ষ্য–প্রমাণ, সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে খবিরুন নেছার শরীরে ব্যাপক মারধরের আঘাতের চিহ্ন এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে আসামির অপরাধ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় ১৭ বছর আগে নুরুল আফসার ও খবিরুন নেছার বিয়ে হয় এবং তাঁদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী প্রায়ই তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এবং প্রতিবাদ করলে হাত–পা বেঁধে মারধর করতেন। ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর গ্রামের বাড়ি থেকে মোহাম্মদপুর বাসায় ফেরেন খবিরুন নেছা; পরদিন ১১ সেপ্টেম্বর সকালে তাঁকে মারধর করে বাসা থেকে বের হয়ে যান আসামি। দুপুরের দিকে ভাড়াটিয়ারা তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মো. জব্বার বাদী হয়ে মামলা করেন। গ্রেপ্তারের পর স্ত্রীর সঙ্গে কলহের কথা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি নুরুল আফসার।

তদন্ত শেষে ২০২৪ সালের ২২ এপ্রিল অভিযোগপত্র দেন মোহাম্মদপুর থানা উপপরিদর্শক মোহাম্মদ নাজমুল ইসলাম। একই বছরের ৮ অক্টোবর বিচার শুরু হয় এবং ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।

তথ্য: একাত্তর টিভি