
বাংলাদেশে আর বিনিয়োগ করব না: সালমান মুক্তাদির

‘বাংলাদেশে আর বিনিয়োগ করব না’— বলে মন্তব্য করেছেন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’–এর বিশেষ প্রদর্শনী হয়।
সেখানে উপস্থিত ছিলেন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। প্রদর্শনীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিজের ব্যক্তিগত সংকট এবং দেশে কাজের পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
অনুষ্ঠানে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সালমান মুক্তাদিরের মন্তব্য জানতে চান সাংবাদিকেরা।
জবাবে তিনি বলেন, ‘সরকারকে কিছু বলার মতো কোনো সুযোগ এখনো আমাকে দেওয়া হয়নি। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলাম। খুব আন্তরিকতার সঙ্গে প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি। তাই আমার মনে হয়, আমি কিছু বললেও তা শোনার মতো কোনো সুযোগ তৈরি হবে না।’
‘আইনশৃঙ্খলা পরিস্থিতি‘ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাঁদের এ বিষয়ে কথা বলা উচিত, তাঁরা যদি কথা বলেন, সেটাই ভালো। আমরা সাধারণ নাগরিকেরা কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির অভিজ্ঞতা নিতে পারি। সেই অভিজ্ঞতা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু এ বিষয়ে কিছু বললাম কি বললাম না, তাতে আসলে কোনো পার্থক্য তৈরি হয় না। বড়জোর কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ হয় অথবা সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।’
নতুন কোনো বার্তা দিতে চান কি না, জানতে চাইলে সালমান বলেন, ‘না, নতুন কোনো বার্তা দেব না। পুরোনোগুলো জমতে জমতে মানুষের মধ্যে অনেক বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে মানসিকভাবে বিপর্যস্ত, সবাই অনেক হতাশ। তাই নতুন করে কিছু দিয়ে মানুষকে আর বেশি চাপের মধ্যে ফেলতে চাই না।’
নিজের কাজে স্ত্রীর সহযোগিতা প্রসঙ্গে সালমান বলেন, ‘আমার মনে হয়, প্রত্যেক জীবনসঙ্গীর ক্ষেত্রেই—সে স্বামী হোক বা স্ত্রী, একজন আরেকজনকে সাহায্য না করলে আসলে কেউ একা বড় হতে পারে না। তাই এটা দুজনের জন্যই সমান। একটা সম্পর্ক কখনোই একজনকে দিয়ে হয় না, দুজনেরই সমান ভূমিকা থাকে।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, পৃথিবীর নিয়মই এমন—সব সময় ভালো কিছু ঘটবে না, খারাপ সময়ও আসবে। জীবনের অন্য যেকোনো বিপদের মতো সেই সময়গুলোও অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে।’
স্টুডিও ভাঙার ঘটনার পর দেশ ছেড়ে যাওয়ার কথা এবং দেশে থেকে কাজ করার কোনো পরিকল্পনা আছে কি না?,
জানতে চাইলে সালমান বলেন, ‘না, দেশে থাকার পরিকল্পনা কখনোই ছিল না। আগেও ছিল না। স্টুডিও ভাঙার ঘটনার পর আমি বলেছি, বাংলাদেশে আর স্টুডিওটা চালিয়ে যাব না। এটা আসলে আমার নিজের মতামত, আমার একটা বক্তব্য ছিল। আমি বাংলাদেশে আর বিনিয়োগ করব না।’








