বন্যা নিয়ে দুঃসংবাদ, নতুন করে প্লাবিত হতে পারে ৪ জেলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
টানা কয়েকদিনের বৃষ্টিতে নতুন করে ৪ জেলার (সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার) নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেশের কয়েকটি জেলার নদ–নদীর পানি। এই অবস্থায় আগামী ৩ দিনে অতি ভারী বৃষ্টিপাতের ফলে নতুন করে ৪ জেলার (সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার) নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

শনিবার (২ মে) দেশের উত্তর–পূর্বাঞ্চলীয় হাওর ও নদ–নদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরে এক পূর্বাভাসে এমন আশঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আওতাধীন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর–পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে মাঝারি ভারী এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই অঞ্চলে আগামী ৩ দিন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এই অবস্থায় উত্তর–পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা–কুশিয়ারা নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে তৃতীয় দিন কুশিয়ারা নদীর কোথাও কোথাও পানি সমতল প্রাক–মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ধনু–বাউলাই নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি বাউলাই নদী খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টায় প্রাক–মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নেত্রকোনা জেলার বাউলাই নদীর অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এছাড়া, মৌলভীবাজার জেলার মনু ও জুড়ি নদীর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেয়ে প্রাক–মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং মনু নদীর পানি সর্তকসীমায় প্রবাহিত হতে পারে। ফলে মৌলভীবাজার জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More