ফেনীতে ধর্ষণ মামলায় ফাঁসানো মসজিদের সেই ইমাম ও মক্তবের শিক্ষক মোজাফফর আহমদ জুবায়েরের চাকরি ফিরিয়ে দেওয়া, আর্থিক ক্ষতিপূরণ ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এসসিপি)।
শনিবার (৯ মে) ফেনী রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক) তারেক রেজা এই দাবি জানান। এ সময় মোজাফফরের ঋণ পরিশোধ ও পুনর্বাসনের আশ্বাস দেন তিনি।
তারেক রেজা বলেন, মসজিদের ইমাম মোজাফফরকে যেভাবে ফাঁসানো হয়েছে এবং এমনভাবে ফাঁসানো হয়েছে যে ওসময় তাঁর পাশে কেউ ছিল না; সে জেলে ছিল। তার সামাজিকভাবে সম্মানহানী হয়েছে, সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তার যে সম্মানহানি হয়েছে ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে তার জন্য আমরা এনসিপি তার চাকরি ফেরত দেওয়ার জন্য দাবি জানাই। রাষ্ট্র থেকে আর্থিক ক্ষতিপূরণ চাই। রাষ্ট্র যেন তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে।
তিনি আরো বলেন, আলেম বা ইমামদের প্রতি বিদ্বেষ থেকে তার প্রতি অবিচার করা হয়েছে। আমরা চাই সামনে এমন যেন না হয়। এখানে যারা ষড়যন্ত্র করছে তাদের যেন বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য ও ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, এনসিপির পক্ষ থেকে আমরা এই ভুক্তভোগী ইমামের পাশে আছি। ইমামের অপূরণীয় ক্ষতি পূরণ করা হয়তো সম্ভব না। তবে সামাজিক ও আর্থিকভাবে তিনি যেন সসম্মানে পুনর্বাসিত হোন, তার ব্যবস্থা আমরা করতে চাই।
নিজের উপর হওয়া ঘটনার বর্ণনা করেন ভুক্তভোগী মোজাফফর আহমেদ জুবায়ের। এসময় দলটির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সূজা উদ্দিন সজিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম, যুগ্ম সদস্য সচিব ফজলে এলাহী চৌধুরী সায়েম, যুব শক্তির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার আহবায়ক পারভেজ আহমেদ এবং ছাত্রশক্তি জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আরমান হোসেন রাফি উপস্থিত ছিলেন।