শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের পথে পথে প্রতিহত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ–সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গত ৫ আগস্ট পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শক্তি বিদেশে বসে অর্থ ও অস্ত্রের জোগান দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা পুলিশ বক্স ও যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ড চালাচ্ছে।

তিনি বলেন, যারা দেশপ্রেমিক এবং জনকল্যাণে কাজ করেন, তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যান না। দেশের মানুষের সম্পদ আত্মসাৎ, অর্থ লুটপাট, গুম, খুন, গুপ্তহত্যা ও ক্রসফায়ারের মতো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাই দেশ ছেড়ে পালিয়ে যায়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নানা চাপ ও হুমকি দেওয়া হলেও তাঁকে দেশ ছাড়তে হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তিনি দেশের জন্য নিজের জীবন দিয়েছেন, এ দেশের মাটিতেই সমাহিত হয়েছেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির মৌলিক পার্থক্য রয়েছে। বিএনপি গণসম্পৃক্ততা, আদর্শ ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। অন্যদিকে আওয়ামী লীগ অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় এসে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট করেছে।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার ঢাকায় সুধা সদন নামে বাড়ি ছিল। এ ছাড়া পূর্বাচলে ৬০ কাঠা জমি ছিল। তার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ মন্ত্রীদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বাড়ি ইংল্যান্ড সরকার জব্দ করেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, পুরো দেশকে লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল, যাতে তারা বংশ পরম্পরায় সুখে–শান্তিতে ও প্রাচুর্যের মধ্যে থাকতে পারে।

রুহুল কবির রিজভী বলেন, এই পরাজিত শক্তি আবারও অস্থিতিশীলতা তৈরি করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। তারা মনে করছে, পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা পুনরায় দখল করা সম্ভব। কিন্তু দেশের মানুষ তাদের চেনে। কারা তাদের অর্থ ও অস্ত্র সরবরাহ করছে এবং কারা মদদ দিচ্ছে, তা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে।

তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। এটিকে সন্ত্রাস সৃষ্টির কেন্দ্র বা পশ্চাৎভূমি হিসেবে ব্যবহারের চেষ্টা করা যাবে না। গোপালগঞ্জের লাখ লাখ মানুষ দেশপ্রেমিক এবং তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চান। তবে সাবেক আমলের কিছু সুবিধাবাদী ও সুবিধাপ্রাপ্ত ব্যক্তি সেখানে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। কিন্তু তা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, সেখানে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়িও পুড়িয়ে তছনছ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকার পরও এ ধরনের হামলা চালানো হচ্ছে। বিএনপির গণতান্ত্রিক সহনশীলতার সুযোগ নিয়ে তারা এই বর্বরোচিত হামলা করছে।