
নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রথমবারের মতো আয়োজিত তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের সমন্বিত সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন তিনি।
সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ–১–২০২৬’। এই মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
সফরকালে প্রধানমন্ত্রী যৌথ মহড়ার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন। এ ছাড়া অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি।
যৌথ প্রশিক্ষণ মহড়ার মাধ্যমে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়, পেশাগত দক্ষতা ও সম্মিলিত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। নির্ধারিত কর্মসূচি ও মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।








