নেপালে ভূমিধসের পরে ভয়াবহ বন্যায় ৩৪১ জন বিদেশি নাগরিকসহ শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বিবৃতিতে নেপাল পর্যটন বোর্ডের মুখপাত্র সুনীল শর্মা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।
বিভিন্ন দেশের সরকারের দেওয়া তথ্য ও নেপাল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, নিখোঁজ হওয়া বিদেশি নাগরিকদের সিংহভাগই বিভিন্ন পর্যটন স্পট ও তীর্থযাত্রায় গিয়ে আটকা পড়েন।
নিখোঁজদের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। তিব্বতের কৈলাশ পর্বতে তীর্থযাত্রায় যাওয়ার পথে অন্তত ১৩৩ জন ভারতীয় নাগরিক বন্যাকবলিত হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এছাড়া ইতালির ৯০ জন, ইউক্রেনের ৫৩ জন (যার মধ্যে ৪৬ জনের একটি যৌথ দল রয়েছে), যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং অস্ট্রেলিয়ার ৩৪ জন নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ তালিকায় থাকা অন্যান্য দেশের মধ্যে দক্ষিণ কোরিয়ার ৯ জন, রাশিয়ার ৪ জন, বেলজিয়ামের ৩ জন এবং পর্তুগালের ২ জন নাগরিক রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করা হলেও প্রতিকূল আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।
এর আগে নেপালের পর্যটন মন্ত্রণালয় জানায়, বন্যাকবলিত অঞ্চলে অন্তত ৪০৩ জন পর্যটক আটকা পড়ে নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক।
নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানিয়েছেন, দুর্গম অঞ্চলে উদ্ধার তৎপরতা চালানোর সময় তাদের ২৮ জন পুলিশ সদস্যও বন্যাকবলিত হয়ে নিখোঁজ হয়েছেন।
এদিকে সীমান্তের অন্যদিকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জাইরোং কাউন্টিতেও বন্যার চরম আঘাত হেনেছে। চীনা কর্তৃপক্ষের বরাতে সিসিটিভি জানিয়েছে, সেখানে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং ২৬৫ জন নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন।
প্রাকৃতিক এই বড় বিপর্যয়ের মুখে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং উদ্ধার অভিযানে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।