দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকা ছিল বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বিষয়ে তার নেওয়া পদক্ষেপের গুরুত্ব ভোটাররা বুঝতে পেরেছেন বলেও দাবি করেছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। সর্বশেষ ফলাফল অনুযায়ী, উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৫১টি আসনে জয় পেয়েছে দলটি। অন্যদিকে রিপাবলিকানরা জয় নিশ্চিত করেছে ৪০টি আসনে। প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা।

নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পেছনে ইরান যুদ্ধের ভূমিকা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এর পেছনে ইরানও একটি কারণ ছিল।’

ফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘মানুষ সম্ভবত জ্বালানির দামের স্বল্পমেয়াদি প্রভাব মেনে নিতে প্রস্তুত ছিল না।’

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পরও তাদের বিভিন্ন প্রস্তাবে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তাঁর ভাষায়, ডেমোক্র্যাটদের ‘পাগলামিপূর্ণ’ প্রস্তাবগুলোতে তিনি ভেটো দেবেন।

তবে এর আগে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের ফল মেনে নেওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত।’

ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ভাষ্য, ‘আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আশা করি, আমরা কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে পারব।’