
সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ

বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন সিঙ্গেলকে সম্পূর্ণ সরকারি খরচে ফিনল্যান্ডে ব্লাইন্ড ডেটে পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটির পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারীরা স্থানীয় খাবার, সংস্কৃতি ও ফিনিশ সিঙ্গেলদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। খবর এনডিটিভির।
‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই আয়োজন চলবে ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। হেলসিংকি ও ট্যামপেরে শহরে অনুষ্ঠিত হবে বিশেষ গ্রুপ ডিনার। এতে বিদেশি অংশগ্রহণকারীদের সঙ্গে স্থানীয় ফিনিশ সিঙ্গেলদের সাক্ষাৎ হবে।
এ ছাড়া দেশটির শীর্ষস্থানীয় শেফদের তৈরি ঐতিহ্যবাহী খাবার উপভোগ করতে পারবেন অতিথিরা। এসব খাবারের মধ্যে থাকবে বুনো মাছ, বেরি ও বন থেকে সংগ্রহ করা মাশরুমের নানা পদ।
বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ জানান, ফিনল্যান্ডের জনপ্রিয় ডেটিং ট্রেন্ড ‘সিঙ্গেল বাস্কেট’ থেকে এই উদ্যোগের ধারণা এসেছে। দেশটির কয়েকটি সুপারমার্কেটে সিঙ্গেল ক্রেতাদের পরিচিত হওয়ার আগ্রহ বোঝাতে গোলাপি রঙের শপিং বাস্কেট ব্যবহার করা হয়।
বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণনের জ্যেষ্ঠ পরিচালক হেলি হিমেনেজ এক সরকারি বিবৃতিতে বলেন, ফিনিশ খাবার আমাদের সুখী জীবনযাত্রার সরাসরি প্রকাশ স্থান, ঋতু ও আশপাশের মানুষের সঙ্গে সংযোগের একটি উপায়। তিনি আরও বলেন, খাবার ফিনদের এক করে। এখন আমরা ভ্রমণকারীদের সম্পূর্ণ অনন্য একভাবে আমাদের সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি।
বিবৃতিতে বলা হয়েছে, ফিনল্যান্ডের সিঙ্ককোরি বা সিঙ্গল বাস্কেট নামের ডেটিং প্রবণতা থেকে এ ধারণা এসেছে। দেশটির বেশ কয়েকটি সুপারমার্কেট চেইন গোলাপি শপিং ঝুড়ি চালু করেছে। এতে অবিবাহিত ক্রেতারা সূক্ষ্মভাবে বোঝাতে পারেন, তারা কথা বলতে, এমনকি ডেটিংয়েও আগ্রহী।
পর্যটন বিভাগ স্বীকার করেছে, ইতালীয়, চীনা ও অন্যান্য নর্ডিক খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠলেও ইউরোপের সবচেয়ে অবহেলিত রন্ধনশৈলীর একটি এখনও ফিনিশ খাবার। হিমেনেজ বলেন, সনা (পুষ্টিকর খাবার) থেকে বনে খাবার সংগ্রহ পর্যন্ত, ফিনিশ রন্ধনশৈলী এমন এক গল্প বলে, যা অন্য কোথাও নেই। দর্শনার্থীরা যেন সেই গল্প পুরোপুরি অনুভব করেন, আমরা তা–ই চাই।
তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে সুখী দেশে এসে তারা হয়তো প্রেম খুঁজে পাবেন, একে অপরের সঙ্গে, ফিনিশ খাবারের সঙ্গে, কিংবা নিজেদের নতুন প্রিয় ভ্রমণ গন্তব্যের সঙ্গে।
কারা আবেদন করতে পারবেন
ফিনল্যান্ডের নাগরিক ছাড়া বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিতরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ নভেম্বর। নির্বাচিত ১৬ জনের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে উত্তর দিতে হবে, ‘ব্লাইন্ড ডিনার ডেটে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’
ভিডিওটি নিজের প্রকাশ্য টিকটক, ইনস্টাগ্রাম বা ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করতে হবে। পোস্টে #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করার পাশাপাশি ভিজিট ফিনল্যান্ডকে ট্যাগ করতে হবে।
নির্বাচিতদের বিমানভাড়া, থাকা, খাবার ও অন্যান্য কার্যক্রমের সম্পূর্ণ খরচ বহন করবে ফিনল্যান্ডের পর্যটন বোর্ড।








