দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নিজ রাজ্যে পিতৃত্বকালীন ছুটি চালু করলেন থালাপতি বিজয়

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
নিজ রাজ্যে পিতৃত্বকালীন ছুটি চালু করলেন থালাপতি বিজয়
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যে পুরুষ সরকারি কর্মীদের জন্য প্রথমবারের মতো ‘পিতৃত্বকালীন ছুটি‘ চালুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদন অনুযায়ী, সরকারি কর্মচারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।

নতুন নিয়ম অনুযায়ী, সন্তান প্রসবের নির্ধারিত তারিখের ১৫ দিন আগে অথবা সন্তান জন্মের ৬ মাসের মধ্যে যেকোনো সময় এই ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি নিতে পারবেন পুরুষ সরকারি কর্মীরা।

সন্তান জন্মের সময়টি মা ও নবজাতকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেওয়া এবং শিশুর যত্ন ও লালন–পালনে বাবা যেন সমানভাবে যুক্ত হতে পারেন, মূলত সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামিলনাড়ুতে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মচারীদের জন্য পিতৃত্বকালীন ছুটির এই ব্যবস্থা চালু করা হলো। এই পদক্ষেপ পরিবারে দায়িত্বের ভারসাম্য তৈরি করতে এবং যৌথভাবে অভিভাবকত্বের দায়িত্ব পালনে সহায়তা করবে বলে আশা করছে সরকার।

উল্লেখ্য, তামিলনাড়ু রাজ্যে নারী সরকারি কর্মচারীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। তবে, পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটির কোনো ব্যবস্থা ছিল না।

নতুন সিদ্ধান্তের ফলে কেরালা, সিকিম ও হরিয়ানার মতো ভারতের যেসব রাজ্যে পুরুষ সরকারি কর্মচারীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ব্যবস্থা রয়েছে, সেই তালিকায় প্রথমবারের মতো যুক্ত হলো তামিলনাড়ু।

এর আগে, গত আগস্ট মাসে তৃতীয় সন্তান জন্মের ক্ষেত্রেও নারী সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করার ঘোষণা করেছিল বিজয় সরকার।

এর ফলে প্রথম দুই সন্তানের মতো তৃতীয় সন্তানের জন্মের সময়ও সমান ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে