নাতিকে টাকা ধার ও বাকি না দিতে এলাকাজুড়ে মাইকিং করলেন দাদা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় নাতিকে টাকা ধার ও বাকি না দিতে এলাকাজুড়ে মাইকিং করে সতর্ক করেছেন এক দাদা।

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় নাতিকে টাকা ধার ও বাকি না দিতে এলাকাজুড়ে মাইকিং করে সতর্ক করেছেন এক দাদা।

শনিবার (২২ আগস্ট) বিকালে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামের ব্যাপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যতিক্রমী এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অটোরিকশা ভাড়া করে এলাকাজুড়ে মাইকিং করা দাদার নাম মো. করম আলী ব্যাপারী (৭২)। নাতির নাম মো. মাহাবুব মিয়া (২২)। তাঁরা মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা। 

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধ একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চালকের পাশে বসে আছেন। ভেতরে বসা আরেকজন ব্যক্তি হাতে মাইক্রোফোন নিয়ে কথা বলছেন। অটোরিকশায় বেঁধে রাখা মাইকের সাহায্যে কথা চারপাশে ভেসে যাচ্ছে।

মাইকিংয়ে বলতে শোনা যায়, ‘সম্মানিত এলাকাবাসী, লক্ষ করে শুনুন, পাইকান ব্যাপারীপাড়ার মো. করম আলী ব্যাপারীর নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কোনো দোকানদার লেনদেন করবেন না, অথবা কোনো রকম হাওলাদ টাকা (ধার) দেবেন না, অথবা আপনাদের মোবাইল তাঁর হাতে দেবেন না। এই নিষিদ্ধের পরও তাঁর সঙ্গে কোনো লেনদেন করলে আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হবে।’

স্থানীয়রা জানান, মাহাবুব মিয়া অল্প বয়সেই একাধিক বিয়ে করেছেন। বাজারের দোকানদার ও বিভিন্ন মানুষের সঙ্গে লেনদেন করে তিনি দায় দাদার ওপরে চাপিয়ে দিতেন। দোকানদারদের কাছে দাদার কথা বলে টাকা নিতেন(নিজে ধার করতেন), আর ওই টাকা শোধ করতে হতো দাদাকে।

এ বিষয়ে মো. করম আলী ব্যাপারী বলেন, ‘বহুদিন ধরে সে আমার ওপর এ অত্যাচার করছে। মানুষের কাছ থেকে টাকা চেয়ে আনে, আর সে টাকা দিতে হয় আমার। কয় দিন আগে সে জুয়া খেলে ৬০ হাজার টাকা হারছে। এ পর্যন্ত আমি ৫০ হাজার দিছি। ১০ হাজার টাকা এখনও দিতে পারিনি বলে অপমান করছে। বাজারে ছাগল বিক্রি করে সংসার চলে, এসব অত্যাচার সহ্য হয় না। তাই এই মাইকিং করছি।’

বড়চাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, মাহাবুব লোকজনের কাছ থেকে টাকা নিয়ে দাদার ওপরে চাপিয়ে দিতেন। এ কারণে অতিষ্ঠ হয়ে দাদা মাইকিং করে নাতির সঙ্গে লেনদেন না করার সতর্কবার্তা দিয়েছেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More