দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গা

দেওয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বরে’ লেখার ঘটনায় ছয় ছাত্রী শনাক্ত

আল আমিন
আল আমিন
প্রকাশ:
দেওয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বরে’ লেখার ঘটনায় ছয় ছাত্রী শনাক্ত
দেওয়ালে আওয়ামী লীগের পক্ষে স্লোগান লিখছে বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির প্রাচীরে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘জয় হাসিনা’সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় অত্র বিদ্যালয়ের ছয় ছাত্রীকে শনাক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

জিজ্ঞাসাবাদে সপ্তম শ্রেণির এক ছাত্রী একাই দেয়ালে লেখার কথা স্বীকার করেছে। তবে এসব লেখার পেছনে অষ্টম শ্রেণির আরেক ছাত্রীর নির্দেশনা ছিল বলে নতুন তথ্য পাওয়া গেছে। এদিকে, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিকুজ্জামানের নেতৃত্বে তদন্ত কাজ শুরু করে।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিকুজ্জামানের নেতৃত্বে বিদ্যালয়ে গিয়ে তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে ছয়জন ছাত্রীকে শনাক্ত করা ও তাদের ডেকে বিদ্যালয়ে ডেকে লিখিত ও মৌখিক বক্তব্য নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে ছয়জন ছাত্রীকে শনাক্ত করা হয়। পরে তাদের ও অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের লিখিত বক্তব্য নেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে দুজন অতিরিক্ত জেলা প্রশাসক এ তদন্ত কাজে সহযোগিতা করেন।

প্রধান শিক্ষক বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী (নাম প্রকাশ করা হলো না) একাই দেয়ালে লেখাগুলো লিখেছে। অন্য পাঁচজন কেন সেখানে গিয়েছিল, সে বিষয়ে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, তারা ইয়ার্কিচ্ছলে এসব লিখেছে। তাদের কেউ রাজনৈতিক পরিবারের সদস্য নয়। তবে ভিডিও ফুটেজে তাদের শারীরিক ভাষা দেখে ভিন্ন কিছু মনে হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তের শেষ পর্যায়ে তারা অষ্টম শ্রেণির আরেক শিক্ষার্থীর নাম বলেছে। সে অন্যদের শিক্ষার্থীদের এসব লিখতে বলেছিলো এবং সেটার ভিডিও–ছবিও তুলেছিলো।

প্রধান শিক্ষক বলেন– ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে হাজির করে তার বক্তব্য নেওয়ার জন্য খবর পাঠানো হয়েছে। তার বক্তব্য শুনে অভিযোগের সত্যতা যাচাই করা হবে।

প্রধান শিক্ষক আরও জানান, পুরো বিষয়টি প্রতিবেদন আকারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসককে জানানো হবে। পরে ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে পরবর্তী আইনগত ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার দুপুরের পর চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির কয়েকটি বসতবাড়ির প্রাচীরে কালো রঙের স্প্রে দিয়ে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বরে’সহ বিভিন্ন স্লোগান লেখা হয়। গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে জেলা প্রশাসকের নির্দেশে বিদ্যালয় কর্তৃপক্ষ দেয়াল থেকে লেখাগুলো মুছে ফেলে।

হুসাইন মালিক