
তৃতীয় সংসারেও ইতি টানলেন ন্যান্সি

তৃতীয় সংসারেরও ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী মহসিন মেহেদির সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে তার। শিল্পী নিজেই জানিয়েছেন, দীর্ঘদিনের একসঙ্গে পথচলার পর এবার আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন ন্যান্সি।
ন্যান্সি লেখেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের উদ্দেশে ন্যান্সি লিখেছেন, ‘আমাদের নিয়ে যারা ভেবেছেন এবং ভালোবাসা নিয়ে পাশে থেকেছেন, তাদের সবার কাছে এই সময়ে আমাদের সিদ্ধান্তকে বোঝার, সম্মান করার এবং ব্যক্তিগত পরিসরটুকু বজায় রাখার আন্তরিক অনুরোধ জানাচ্ছি।’
সবশেষে নতুনভাবে এগিয়ে চলার প্রত্যয় জানিয়ে ন্যান্সি বলেন, ‘জীবন নিজের নিয়মেই এগিয়ে চলে। আশা করি, জীবনের এই নতুন অধ্যায় আমি শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’
উল্লেখ্য, ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিবাহবিচ্ছেদ। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ের পর ২০১২ সালে তাদের বিচ্ছেদ ঘটে; সেই সংসারে রোদেলা নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
পরবর্তীতে ২০১৩ সালের মার্চে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করলে ২০২১ সালে দ্বিতীয় সংসারটিরও সমাপ্তি ঘটে এবং সেই সংসারে নায়লা নামে আরেকটি কন্যাসন্তান রয়েছে।
এরপর ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই সংগীতশিল্পী।








