ডাকাতি মামলায় ১২ জনের ১০ বছর করে কারাদণ্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় ডাকাতি মামলায় ১২ জনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। 

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী আসামীদের উপস্থিতিতে ওই রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ এপ্রিল গভীর রাতে নিধিকুণ্ডু গ্রামের চান মিয়ার ছেলে নুরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাণ্ডব চালায় অজ্ঞাতনামা ১০–১৫ জন মুখোশধারী ডাকাত দল। এ সময় তার ঘরে থাকা নগদ ২৩ হাজার টাকা, বিছানার নিচ থেকে ১১ হাজার ৫০০ টাকা, তার স্ত্রীর কানে থাকা ১০ হাজার টাকা মূল্যের  একজোড়া স্বর্ণের দুল এবং তার চাচাতো ভাই কবিরের বাড়ির শো–কেজ থেকে নগদ ৭ হাজার ৩০০ টাকা ডাকাতি করে তারা। পরে নুরুল বাদী হয়ে ১০–১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন ।

মামলাটি তদন্ত শেষে ২০১১ সালের ১৬ এপ্রিল ১৭ জনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ–পরিদর্শক মহব্বত আলী। পরে ১৭ জনের মধ্যে ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ওই রায় ঘোষনা করেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন জানান, পলাতক আসামীকে গ্রেপ্তারের নির্দেশ পুলিশকে দিয়েছেন আদালত।

আসামীপক্ষের আইনজীবী ফজলে রাব্বী বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

 

জান্নাতুল আওলিয়া/ পূর্ণিমা/ দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More