জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাকসুর ভিপি, জিএস ও এজিএস। সাক্ষাৎকালে সফলভাবে ও জবাবদিহিতার সঙ্গে ডাকসুর মেয়াদ সম্পন্ন করায় তিনি ছাত্র নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। একইসঙ্গে ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তার নিজ বাসভবনে সাক্ষাৎ করেছেন ডাকসুর নেতারা।
এসময় শিক্ষার্থীদের কল্যাণের জন্য ডাকসু কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমে প্রশাসন কর্তৃক অসহযোগিতা ও বাধা প্রদান এবং ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের মব সন্ত্রাসের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা ও তফসিল ঘোষণার জন্য ডাকসু নেতৃবৃন্দের দাবির সঙ্গে তিনি একাত্মতা পোষণ করেন।
আমীরে জামায়াত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আরও সক্রিয় থাকার পরামর্শ দেন। পাশাপাশি দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজে ছাত্র সংসদে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথাও বলেন তিনি।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো মৌলিক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগে ডাকসু নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।