
ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরার পথে বাবার মৃত্যু

চট্টগ্রাম জেলার মিরসরাই ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে হেলাল উদ্দিন (৫০) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের আরও ৪ সদস্য আহত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে বারইয়ারহাট থেকে আবুরহাটে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান হেলাল উদ্দিনসহ তার পরিবারের ৫ সদস্য। পাত্রী দেখে ফেরার পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে তার চালিত সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। আহত হন পরিবারের আরও ৪ সদস্য।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিন‘কে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীক্ষা–নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে।
জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








