
গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, এখনো বন্ধ ৫৪ কারখানা

টানা কয়েক সপ্তাহের আন্দোলন, বিক্ষোভ ও সংঘাতের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গাজীপুরের শিল্পাঞ্চল। মজুরি বোর্ডের নতুন বেতন কাঠামো ঘোষণার পর তিন দিনের ছুটি কাটিয়ে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দলে দলে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা।
অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হওয়ায় শিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য। তবে, এখনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৫৪ টি পোশাক কারখানা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালাসহ বিভিন্ন এলাকার কারখানায় শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক।
তবে সকাল আনুমানিক ১০টার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তার বাংলাবাজার এলাকায় কয়েকটি পোশাক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি ঘোষণা করলে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে তারা মির্জাপুরের দিকে অগ্রসর হন।
খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে ।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা বলেন, শ্রমিকরা কাজে ফিরছেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবারের মতো শনিবারও আনসার, বিজিবি, এসআরবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ৩৯ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সকাল সোয়া ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে ।








