কারাবন্দী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আ.লীগের সাবেক মন্ত্রী ড. দীপু মনি'র স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. তৌফীক নাওয়াজ মারা গেছেন।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. তৌফীক নাওয়াজ মারা গেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। 

বিষয়টি নিশ্চিত করেছেন ড. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার জটিলতায় ভুগছিলেন তৌফিক নেওয়াজ। শারীরিক সমস্যার কারণে চলাফেরা করতে হুইলচেয়ারে নির্ভর করতে হতো তাকে। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থা অবনতি হলে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বামীর জানাজা বা শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ চেয়ে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

বর্তমানে ড. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী। বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে এ আবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করাতে আদালত গিয়েছিলেন ড. তৌফীক নাওয়াজ।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন দীপু মনি। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ৬০টির বেশি মামলা রয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More