কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটক মৃত্যুর ঘটনায় সৈকতের সব পয়েন্টে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে, রবিবার (৩ আগস্ট) দুপুরে দরিয়ানগর প্যারাসেইলিং পয়েন্টে অভিযান চালানো হয়। পরে সন্ধ্যায় নিষেধাজ্ঞা অমান্য করে পরিচালিত ফ্রাই এয়ার সি স্পোর্টসের স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। জব্দ করা হয় প্যারাসেইলিং সরঞ্জাম।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাহমুদুর রহমান সায়েম।
তিনি জনান, অভিযানে প্রায় ৫ থেকে ৬টি স্পিডবোটের ইঞ্জিন, অ্যাসেম্বল ও ডিসঅ্যাসেম্বল করা বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এ ছাড়া ছয় থেকে সাতটি জেরিক্যান ভর্তি জ্বালানি এবং বিভিন্ন স্পেয়ার পার্টসও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রসাশক মো. আব্দুল মান্নান জানান, জেলা প্রসাশন এ সব প্যারাসেইলিংয়ের অনুমোদন দেয়নি এবং ইতিমধ্যে মেরিন ড্রাইভের পাশে সব প্যারাসেইলিং বন্ধ করে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (১ আগস্ট) বৈরী আবহাওয়ায় কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় সেখান থেকে ছিটকে পড়ে শৌভিক রয় নামে এক পর্যটকের মৃত্যু হয়। এরপর থেকেই নিরাপত্তাহীন এ বিনোদন কার্যক্রম নিয়ে ওঠে নানা প্রশ্ন।
এসএ