আজ বুধবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম এবং ওফাতের স্মৃতিবিজড়িত দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হবে। পবিত্র এই দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড হ্যান্ডেল শেয়ার করা টুইটে মোদি বলেন, ‘ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের চারপাশে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে। মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের জন্য কিছু করার চেতনা যেন সবসময় আমাদের পথ দেখায়।’
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইসলামি প্রতিষ্ঠানে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা হবে। তাঁর ওপর সালাম ও দরুদ পাঠ এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে এক অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি। সংবাদপত্রেও ছুটি ঘোষণা করা হয়েছে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দে আরবের মক্কা নগরীর অভিজাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব মহানবী (সা.)-এর জন্মের আগেই ইন্তেকাল করেন। মা আমিনা বিনতে ওয়াহাবের ঘরে জন্ম নেওয়া মহানবী (সা.) শৈশব থেকে এলাকাবাসীর মধ্যে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। সূত্র: আজকের পত্রিকা।