ইছামতী নদীতে গোসলে নেমে নিখোঁজ এক নারী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে গোসল করতে নেমে হাবিবার রহমান বাবলী (৪৮) নামে এক নারী নিখোঁজ। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বেড়াতে গিয়ে ইছামতী নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে ভেসে গেছেন হাবিবা রহমান বাবলী (৪৮) নামে এক নারী। একদিন পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি। হাবিবা রহমান বাবলী রাজধানীর রায়েরবাগ এলাকার বাসিন্দা।

জানা গেছে, গতকাল রবিবার (৪ অক্টোবর) সকালে বাবলী সিরাজদিখান উপজেলার কুন্ডের বাজার এলাকায় এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। দুপুর ১২টার দিকে তিন বান্ধবীর সঙ্গে ইছামতী নদীতে গোসল করতে নামেন হাবিবা। এ সময় হঠাৎ প্রবল স্রোতে ভেসে যায়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মুন্সীগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত বাবলীকে জীবিত কিংবা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ হাবিবা রহমান বাবলী ভ্রমণলেখক ও ‘দে–ছুট ভ্রমণ সংগঠন’–এর চিফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিমের ফুফাতো বোন বলে জানা গেছে।

এদিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ বাবলীসহ তিন বান্ধবীই ঢাকার বাসিন্দা। তারা সিরাজদিখানে বেড়াতে এসেছিলেন। পরে তারা ইছামতী নদীর গুদারা ঘাটে গোসল করতে নামেন। সেখানেই স্রোতের টানে বাবলী নিখোঁজ হন।

তিনি আরও জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More