দীপ্ত নিউজ
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ৯ম ও শেষ চালান

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ৯ম ও শেষ চালান
ছবি: সংগৃহীত

প্রথম ইউনিটের ৯ম ও শেষ ইউরেনিয়াম চালান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের জন্য নির্ধারিত ৯টি চালানে রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি পরিবহনের কার্যক্রম সম্পন্ন হলো।

এর আগে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা দেয়।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ৭টি চালানে পারমাণবিক জ্বালানি আনা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে জ্বালানি পরিবহণের নির্ধারিত প্রক্রিয়া শেষ হয়েছে।

রাশিয়া প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ইতিমধ্যে দুই দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং ২০২৭ সালের শুরুতে এটি পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনে যাবে।