
ইউক্রেন যুদ্ধে প্রায় ৪ লাখ ৯০ হাজার রুশ সেনা নিহত : বিসিবি

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এ হিসাব দিয়েছে বিবিসি।
বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ রাশিয়ার মৃত্যুহারের ধরনে বড় পরিবর্তন এনেছে। এমন এক যুদ্ধের প্রাণহানির চিত্র এতে ফুটে উঠেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ধারণা অনুযায়ী যুদ্ধটি কয়েক দিনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধটি প্রায় পাঁচ বছরে গড়িয়েছে।
বেলারুশের হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস বিওয়াই’ এবং ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’–এর সাইবার হামলার পর বিবিসি রাশিয়ান ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর নথিতে প্রবেশাধিকার পায়। রোসস্ট্যাট সাইবার হামলার ঘটনা স্বীকার করলেও কোনো সংরক্ষিত তথ্য ফাঁস হওয়ার কথা অস্বীকার করেছে।
স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে যৌথভাবে বিবিসি রাশিয়ান এসব তথ্যের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে উন্মুক্ত সূত্রে যাচাই করা সামরিক মৃত্যুর নিজস্ব তালিকার তুলনা করেছে। এতে প্রায় ৯০ শতাংশ নথির সঙ্গে মিল পাওয়া গেছে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষদের মধ্যে যারা মারা গেছেন, তাদের ৬৫ শতাংশের মৃত্যু হয়েছে যুদ্ধে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার ৫৯ শতাংশ। কেবল ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে যুদ্ধের তুলনায় হৃদ্রোগে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
যুদ্ধের ক্ষয়ক্ষতির ব্যাপকতা দেখা গেছে ইউক্রেনের কয়েকটি গ্রাম দখলের লড়াইয়েও। যুদ্ধ–পূর্ববর্তী সময়ে যেসব গ্রামের সম্মিলিত জনসংখ্যা ছিল মাত্র ১২ হাজার, সেগুলোর মধ্যে ১০টির নিয়ন্ত্রণ নিতে গিয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের দক্ষিণে আন্দ্রিভকা নামের একটি ছোট গ্রামের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১২২ জন রুশ সেনা। অথচ যুদ্ধের আগে গ্রামটিতে বাস করতেন মাত্র ৭৪ জন।
যেভাবে নিহতের সংখ্যা নির্ধারণ করেছে বিবিসি
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া সামরিক বাহিনীর নিহত সদস্যদের কোনো পূর্ণাঙ্গ প্রকাশ্য পরিসংখ্যান দেয়নি। দুই বছর আগে রোসস্ট্যাটও বাহ্যিক কারণে মৃত্যুর তথ্য প্রকাশ বন্ধ করে দেয়। অথচ এসব তথ্য সামরিক প্রাণহানির হিসাব নির্ধারণে গুরুত্বপূর্ণ।
রোসস্ট্যাটের ফাঁস হওয়া নথিতে নিহত ব্যক্তিদের নাম নেই। তবে তাদের বয়স, বসবাসের স্থান, মৃত্যুর স্থান ও মৃত্যুর পরিস্থিতির তথ্য রয়েছে। বিবিসি প্রথমে অবস্থান অনুযায়ী নথিগুলো বাছাই করে ইউক্রেন এবং ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশ ঘটেছে এমন রুশ সীমান্তবর্তী অঞ্চলগুলোর তথ্য আলাদা করে।
এরপর সামরিক অভিযানের সময় বিস্ফোরণ বা শ্রাপনেলের আঘাতের মতো সামরিক সংশ্লিষ্ট মৃত্যুর কারণ উল্লেখ রয়েছে—এমন ৪ লাখ ২৫ হাজার ১৭৪টি নথি শনাক্ত করা হয়। বেসামরিক নাগরিকদের বাদ দিতে নারী এবং ১৮ থেকে ৬৫ বছর বয়সসীমার বাইরের পুরুষদের হিসাব থেকে বাদ দেওয়া হয়।
এ ছাড়া রাশিয়ার দখল করা ইউক্রেনের চারটি অঞ্চলে বসবাসকারী কেউ সেখানে মারা গেলে তার নথিতে সামরিক বাহিনীতে চাকরির তথ্য না থাকলে তাকেও সম্ভাব্য বেসামরিক নাগরিক হিসেবে বাদ দেওয়া হয়। চাকরি বা পেশার তথ্য যাচাই করে আরও ১৪ হাজার ৯৩টি নথি শনাক্ত করা হয়। আদালতের রায়ের ভিত্তিতে ডেটাবেসে মৃত হিসেবে অন্তর্ভুক্ত ৫১ হাজার ৬৭ জনের তথ্যও বিবেচনায় নেওয়া হয়। সাধারণত কোনো সেনা যুদ্ধক্ষেত্রে ছয় মাসের বেশি সময় নিখোঁজ থাকলে এবং তার মরদেহ উদ্ধার না হলে এ ধরনের আদালতের সিদ্ধান্ত দেওয়া হয়।
তবে রাশিয়ার দখল করা দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের যেসব বাসিন্দা রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত হয়েছেন, তাদের মধ্যে বিবিসির যাচাই করা মৃত্যুর মাত্র ৭০ শতাংশ রোসস্ট্যাটের নথিতে পাওয়া গেছে।
সরকারি প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যম, নতুন স্মৃতিস্তম্ভ ও কবরস্থানের তথ্যের ভিত্তিতে মিডিয়াজোনার সঙ্গে যৌথভাবে তৈরি বিবিসির নিজস্ব তালিকায় নিহত রুশ সেনার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯০ হাজার ১২ জনে। তবে সব মৃত্যুর খবর প্রকাশ্যে না আসায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধে বেশি প্রাণহানি দরিদ্র অঞ্চলগুলোতে
রোসস্ট্যাটের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধের প্রথম বছরে নিহত রুশ সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর। ২০২৫ সাল নাগাদ কারাবন্দী ও চুক্তিভিত্তিক সেনারা সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার পর গড় বয়স বেড়ে ৪০ বছরে দাঁড়ায়। বিবিসির নিজস্ব তালিকায় এ সময় নিহতদের গড় বয়স ছিল ৩৮ বছর।
রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার দরিদ্র অঞ্চলগুলো এ যুদ্ধে তুলনামূলকভাবে বেশি প্রাণহানির শিকার হয়েছে। মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মতো বড় শহরের বাসিন্দাদের তুলনায় তিভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্কি ক্রাই অঞ্চলের পুরুষদের যুদ্ধে নিহত হওয়ার আশঙ্কা ২০ থেকে ২৫ গুণ বেশি।
রোসস্ট্যাটের তথ্যের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে মৃত্যুর যে বণ্টন পাওয়া গেছে, তা বিবিসির নিজস্ব তালিকার সঙ্গে প্রায় মিলে যায়। অধিকাংশ অঞ্চলে দুই হিসাবের পার্থক্য শতাংশের কয়েক দশমাংশ।
ফাঁস হওয়া নথি অনুযায়ী, রাশিয়ার হয়ে যুদ্ধ করে নিহতদের মধ্যে অন্তত ৫ হাজার ১৭ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৩১ জন উজবেকিস্তানের এবং ৭২০ জন তাজিকিস্তানের নাগরিক। বেসামরিক নাগরিকদের অন্তর্ভুক্ত হওয়ার ঝুঁকি এড়াতে এ হিসাব থেকে ইউক্রেনীয়দের বাদ দেওয়া হয়েছে।
বিবিসির এই হিসাবকে রক্ষণশীল বলা হয়েছে। কারণ, দ্বৈত নাগরিকত্বধারীদের রুশ নাগরিক হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি ২০২৪ সালে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় অনুপ্রবেশ প্রতিহত করতে গিয়ে নিহত উত্তর কোরীয় সেনাদের তথ্যও এতে নেই।
স্যাটেলাইট চিত্র এবং পিয়ংইয়ংয়ে নির্মিত একটি স্মৃতিস্তম্ভের সরকারি ছবি বিশ্লেষণ করে বিবিসি সেখানে নিহত ২ হাজার ৩০৪ জন উত্তর কোরীয় সেনাকে শনাক্ত করেছে।
ফাঁস হওয়া রুশ পরিসংখ্যান সম্পূর্ণ না হলেও বিবিসির নিজস্ব হিসাবের সঙ্গে এর মিলকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, উন্মুক্ত সূত্রের ভিত্তিতে বিবিসি ও মিডিয়াজোনার শনাক্ত করা ২ লাখ ৯০ হাজার ১২ জনের মৃত্যুর সংখ্যা প্রকৃত প্রাণহানির ৪৫ থেকে ৫৫ শতাংশ হতে পারে। সে হিসাবে মোট নিহত রুশ সেনার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ২৯৫ থেকে ৬ লাখ ৪৪ হাজার ৪৭১ জনের মধ্যে হতে পারে।
চার বছর ১০ মাস ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার প্রাণহানির পরিমাণ ১৯৮৯ সালে শেষ হওয়া সোভিয়েত–আফগান যুদ্ধের তুলনায় অনেক বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ২০২৬ সালের জুলাইয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের নিহত সেনার সংখ্যা প্রায় ৫০ হাজার বলে জানিয়েছিলেন। তবে ‘ইউএ লসেস’ নামের একটি বেনামি ওয়েবসাইটের উন্মুক্ত তথ্যভিত্তিক তালিকায় ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৫২ বলে উল্লেখ করা হয়েছে। সূত্র: সমকাল।








