
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী

সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার কসবার বাড়িতে ঘরোয়া আয়োজনে সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সারেন অভিনেত্রী। পেশায় সিদ্ধার্থ একজন মেরিন ইঞ্জিনিয়ার।
ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছিল নানা জল্পনা–কল্পনা; যার অবসান ঘটল আইনি বিয়ের মাধ্যমে।
কলকাতার কসবার বাড়িতে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারেন মিমি ও সিদ্ধার্থ। সেখানে তাদের দুই পরিবারের সদস্য এবং টালিউডের ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন।
বিয়ের আসরে প্রবেশ করার আগে অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য ভারতীয় গণমাধ্যমকে জানান, তিনি এখন সম্পর্কে মিমির জা। অর্থাৎ ত্রমিলা সম্পর্কে সিদ্ধার্থের বৌদি।
ত্রমিলা বলেন, আমার নিজের দেওরের সঙ্গেই বিয়ে হচ্ছে মিমির। আমাদের পরিবারের সবাই জাহাজের পেশায় যুক্ত। আমার স্বামী জাহাজের ক্যাপ্টেন আর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়র।
তিনি বলন, ও আমাদের থেকে অনেকটাই ছোট। মিমির সঙ্গে ওকে খুব ভালো মানিয়েছে। মিমিকে অনেক কাছ থেকে চিনেছি। খুব ভালো মেয়ে। ও খুব ভালো কথাও বলতে জানে। ওদের পরিবারের সকলেই খুব ভালো।
আইনি বিয়েতে উপস্থিত থাকলেও, আনুষ্ঠানিক বিয়ের দিন উপস্থিত থাকতে পারবেন না ত্রমিলা। তার কথায়, ‘বিয়ের মূল অনুষ্ঠান পাহাড়ে হচ্ছে। কিন্তু আমার মেয়ের পরীক্ষা চলবে সেই সময়ে, তাই যাওয়া হবে না।
মিমি ও সিদ্ধার্থ দু’জনেই মিলে বিয়ের সব প্রস্তুতি নিয়েছেন। আইনি বিয়ের জন্য সিদ্ধার্থ পরেছেন সাদা রঙের পাজামা পাঞ্জাবি। অন্যদিকে মিমি সোনালি রঙের সাবেকি সাজে সেজেছেন।
এদিকে মিমির বিয়ে নিয়ে অনেক দিন ধরে কানাঘুষা চলছিল। কিন্তু এ বিষয়ে অভিনেত্রী ও তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিয়ের খবর প্রথম প্রথম আলোচনায় আসে একটি আমন্ত্রণপত্র ঘিরে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই কার্ডে বর–কনের ছবির পাশাপাশি জায়গা পেয়েছিল অভিনেত্রীর তিন পোষ্য। বিয়ের আমন্ত্রণপত্রেও তাদের উপস্থিতি অনুরাগীদের নজর কেড়েছিল। বিয়ের প্রস্তুতি নিয়েও নানা খবর সামনে এসেছে।
আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সেখানে চলবে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান। ৩ ডিসেম্বর ডিনার, পরদিন মেহেদি ও সংগীত এবং ৫ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা।
মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মতো রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বড় আয়োজনের বদলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।








