দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা–খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ছয়টার পর থেকে এ রুটে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাস ছেড়ে যেতে শুরু করে।

গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও যশোর থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও চট্টগ্রামগামী বাস সকাল থেকে ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পরিবহন কাউন্টারগুলো।

বাগেরহাট থেকে ঢাকাগামী দোলা পরিবহনের সুপারভাইজার আজিম উদ্দিন বলেন, সকাল থেকে সব বাস চলছে। গোপালগঞ্জের ভেতরে এখন কোনো সমস্যা নেই। রাস্তায় যে গাছপালা আছে, তাতে চলতে তেমন অসুবিধা হচ্ছে না। বৃষ্টির কারণে গাড়ি কিছুটা ধীরে চলছে।

বাগেরহাট, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর ও নড়াইলের অধিকাংশ বাস পদ্মা সেতু হয়ে ঢাকা যায় গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। মহাসড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে রাখায় চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। নিরাপত্তার কারণে ওই সব রুটে ঢাকা ও চট্টগ্রামগামী বাস বন্ধ রাখেন পরিবহনমালিকেরা।

বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বৃষ্টির মধ্যেও নিষিদ্ধ সংগঠনগুলোর নেতা–কর্মীরা রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি–বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে সড়ক ও মহাসড়কের বিভিন্ন মোড়ে বিক্ষোভ করেন।

 

এসএ