ভোলা সদর উপজেলায় দাফনের ১৮ দিন পর জীবিত আছেন বলে স্বপ্নে দেখার দাবি করে মরিয়ম (২০) নামে এক তরুণীর কবর খুঁড়েছেন তার স্বজনরা।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর রমেশ গ্রামের হোসেন লাহারি বাড়িতে এ ঘটনা ঘটে।
মরিয়ম ওই গ্রামের দিনমজুর খলিল লাহারি ও তাসনুর বেগম দম্পতির মেয়ে। পরিবারের অভাব দূর করতে কয়েক বছর আগে চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানায় চাকরি নেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটিতে গত ২৬ মে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন মরিয়ম। পরে বাড়িতেই তার চিকিৎসা চলতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন ভোরে তিনি মারা যান। এরপর ঈদের নামাজ শেষে বাড়ির সামনের মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয় এবং পুকুরপাড়ের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের কয়েকদিন পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে মরিয়মের কবর থেকে সুগন্ধি বের হচ্ছে। একই সঙ্গে তার ভাই ও ছোট বোন স্বপ্নে মরিয়মকে জীবিত দেখেছেন এবং তিনি জীবিত অবস্থায় কবরের মধ্যে রয়েছেন বলে দাবি করেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা–সমালোচনার জন্ম দেয় এবং প্রতিদিন কবরটি দেখতে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে।
স্থানীয় মসজিদের ইমাম আবুল কাশেমের বক্তব্য, তিনি মরিয়মের জানাজার নামাজ পড়িয়েছেন। পরিবারের সদস্যরা স্বপ্নে জীবিত থাকার বিষয়টি তাকে জানিয়েছিলেন। পরে স্থানীয় আলেমদের সঙ্গে আলোচনা করলে তারা বিষয়টিকে অবাস্তব বলে মত দেন।
তবে মঙ্গলবার বিকেলে স্বজনরা শত শত মানুষের উপস্থিতিতে কবর খুঁড়ে দেখেন। কবরের ভেতরে মরিয়মের মরদেহে পচন ধরেছে। পরে পুনরায় মরদেহ দাফন করে কবর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে মো. সিরাজ ও কালুর ভাষ্য, “মরিয়ম বেঁচে আছেন কি না তা দেখতেই কবর খোঁড়া হয়েছে। কবর খোঁড়ার পর দেখা গেছে তিনি মৃত অবস্থাতেই আছেন। কবরের ভেতর থেকে কোনো সুগন্ধিও পাওয়া যায়নি।”
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “মরিয়মের স্বজনরা থানায় এসে জানিয়েছিলেন কবর থেকে সুগন্ধি বের হচ্ছে এবং স্বপ্নে দেখেছেন তিনি জীবিত আছেন। তাদের বলা হয়েছিলো, কবর খুঁড়তে হলে আদালতের অনুমতি নিতে হবে। পরে কবর খোঁড়ার বিষয়টি আমার জানা ছিল না।”
তবে স্থানীয়দের ধারণা, পরিবারের উপার্জনক্ষম সদস্যদের একজন হওয়ায় মরিয়মের মৃত্যু মেনে নিতে না পেরে অতিরিক্ত মানসিক চাপ ও আবেগের কারণে স্বজনরা এমন স্বপ্ন দেখে থাকতে পারেন।
মলয় দে