বুধবার, জুন ১০, ২০২৬
বুধবার, জুন ১০, ২০২৬

সরকারি বিভিন্ন দপ্তরে শূন্যপদে নিয়োগ দ্রুতই: প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সরকারি বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারি বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধনের দিনই জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতি প্রতিরোধে যতটা সম্ভব ব্যবস্থা নেয়া এবং অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করতে নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণ গুরুত্বপূর্ণ। দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’

স্বৈরাচার সরকারের অর্থ পাচার ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘দেশিবিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আমদানিরপ্তানি নিবন্ধন দ্রুততম করতে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আমদানি সহজ করতে মূল্য পরিশোধ প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে।’

বিনিয়োগের সুদের হার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘সুদের হার ইস্যুতে বেশ কিছু বিষয় রয়েছে, যা পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়া যাচ্ছে না। ব্যবসা ও অর্থনীতি এমন এক বিষয় যেখানে যেকোনো পরিকল্পনার ফলাফল পেতে সময় লাগে। সবসময় সুদের হার কমালেই যে লাভ হবে, বিষয়টি এমন নয়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ নিয়ে যেতে না পারা নিয়ে একটি অস্বস্তি ছিল, যা আইন করে ঠিক করা হয়েছে। বিদেশ থেকে যদি কেউ বাংলাদেশে বিনিয়োগ আনতে পারেন, তবে তাকে সেই বিনিয়োগের এক শতাংশ পরামর্শ ভাতা হিসেবে দেয়া হবে।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More