শাহরুখের বাড়ি ‘মান্নাত’ থেকে ৮ ফুট লম্বা সাপ উদ্ধার, আরেকটির খোঁজ মেলেনি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড তারকা শাহরুখ খানের বাড়ি ‘মান্নাতের’ বাগানে দুটি সাপের সন্ধান পাওয়া গেছে।

সোমবার (১৭ আগস্ট) রাত আটটার দিকে বাড়ির বাগানের একটি শেডের নিচে সাপ দুটি দেখতে পান নিরাপত্তাকর্মীরা। পরে উদ্ধারের জন্য ডাকা হয় উদ্ধারকারী দল ও বন বিভাগের কর্মকর্তাদের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাপ উদ্ধারে কাজ করেন স্নেক রেসকিউয়ার ভিকি দুবে। খবর পেয়ে তিনি বন বিভাগের রাউন্ড কর্মকর্তা দীপক দাদা গায়কোয়াড় ও থানে মুম্বাই রেঞ্জ অফিসের নিয়ন্ত্রককে বিষয়টি জানান।

ভিকি দুবে পরে একটি সাপ নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। সাপটির দৈর্ঘ্য ছিল প্রায় ৮ ফুট। এটি ধামান বা ইন্ডিয়ান র‍্যাট স্নেক বলে শনাক্ত করা হয়। ধামান নির্বিষ প্রজাতির সাপ এবং সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয় বলে জানান উদ্ধারকারী।

তবে এ সময় মানুষের ভিড় জমে যাওয়ায় দ্বিতীয় সাপটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর ‘মান্নাতের’ নিরাপত্তাকর্মী ও কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বাড়ির বিভিন্ন জায়গায় রাত পর্যন্ত সাপটির খোঁজ করা হলেও সেটির সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধারকারী ভিকি দুবে উপস্থিত ব্যক্তিদের আশ্বস্ত করে বলেন, উদ্ধার করা সাপটি নির্বিষ। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

বন বিভাগের নিয়ম মেনে পরে উদ্ধার করা ধামানটিকে নিরাপদে তার প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।

শাহরুখ খান ও তার পরিবারের সদস্যরা ওই সময় বাড়িতে ছিলেন কি না, সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More