
রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এটি প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য আনা ইউরেনিয়ামের তৃতীয় চালান বলে জানা গেছে।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ১৪ মিনিটে রাশিয়ার একটি বিশেষ কার্গো বিমানে করে পারমাণবিক জ্বালানির চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তায় সড়কপথে জ্বালানিটি পরিবহন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরেনিয়ামের চালানটি নিরাপদে পৌঁছে দিতে ঢাকা থেকে পাবনা পর্যন্ত পুরো পথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পথে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। নির্ধারিত পথে বহরটি যাতে কোনো বাধা ছাড়াই প্রকল্প এলাকায় পৌঁছাতে পারে, সে জন্য নেওয়া হয় বাড়তি সতর্কতা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে ইউরেনিয়ামের চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ৭টি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য ২টিসহ মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব চালান সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকৌশলী ও কর্মকর্তারা আশা করছেন, সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে পরীক্ষামূলকভাবে ২০০–৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।