যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ।
সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে।
বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (বিমানবাহিনী) এস এম রাগীব সামাদ বলেন, জামিল আহমেদ লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে জামিল আহমেদ লিমনের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি ঢাকার উদ্দেশে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
উল্লেখ্য, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ২টায় ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামি সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও বাংলাদেশ কমিউনিটির লোকজন জানাজায় শরিক হন।
জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। এর আটদিন পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডা অঙ্গরাজ্যে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনা ফেলার কালো রঙের কয়েকটি ব্যাগের মধ্যে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এসএ