বুধবার, জুন ৩, ২০২৬
বুধবার, জুন ৩, ২০২৬

ভিসা নিয়মে হঠাৎ পরিবর্তন আনল ভারত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভারতে অবস্থানরত অথবা দেশটিতে গমনেচ্ছু বিদেশি নাগরিকদের জন্য ভিসা নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

ভারতে অবস্থানরত অথবা দেশটিতে গমনেচ্ছু বিদেশি নাগরিকদের জন্য ভিসা নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

নতুন সংশোধিত ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’ অনুযায়ী, এখন থেকে ভিসার মেয়াদ বা ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার পূর্বেই বাধ্যতামূলকভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সোমবার (১ জুন) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নিয়ম জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইমিগ্রেশন বিধিমালার ১২ নম্বর ধারায় সংশোধন এনে ‘ভারতে পৌঁছানোর ১৮০ দিন শেষ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে’ শব্দগুচ্ছের পরিবর্তে ‘উল্লিখিত ১৮০ দিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই যেকোনো সময়’ নিবন্ধন করার বাধ্যবাধকতা প্রতিস্থাপন করা হয়েছে।

এতে আরও বলা হয়, মূলত ভারতে অবস্থানকারী বিদেশী নাগরিকদের ওপর নজরদারি জোরদার এবং সামগ্রিক ইমিগ্রেশন পর্যবেক্ষণ প্রক্রিয়াকে আরও সুবিন্যস্ত ও গতিশীল করার লক্ষ্যেই এই সময়সীমা এগিয়ে আনা হয়েছে।

পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, উপযুক্ত বিদেশী নাগরিকেরা ভারতে পৌঁছানোর পর থেকে ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে তাদের নিবন্ধন সম্পন্ন করার সুযোগ ছিল। তবে নতুন নির্দেশনায় সেই সুবিধা পুরোপুরি বাতিল করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, ১৮০ দিনের বেশি মেয়াদের ভিসাধারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে, যদি তাদের একটানা বা একটি ক্যালেন্ডার বছরে মোট অবস্থান ১৮০ দিনের বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এ ছাড়া বিশেষ জরুরি পরিস্থিতি ছাড়া ১৮০ দিনের বেশি অবস্থানের অনুমতি না দেওয়ার কথাও স্পষ্ট করেছে ভারত সরকার।

সংশোধিত নিয়মে ভারতে জন্ম নেয়া বিদেশি নাগরিকদের সন্তান জন্মসংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়েছে।

আগের নিয়মে ভারতে কোনো বিদেশি দম্পতির সন্তান জন্ম নিলে ভিসা সংক্রান্ত সেবা বা দেশত্যাগের অনুমতি পাওয়ার জন্য ৩০ দিনের মধ্যে বিষয়টি নিবন্ধন কর্মকর্তাকে জানানো বাধ্যতামূলক ছিল।

তবে নতুন নিয়মে যদি শিশুর বাবা বা মা দুজনের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে ওই বাধ্যবাধকতা থাকবে না।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More