বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এখন থেকে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে প্রচলিত ম্যানুয়াল বা কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এ লক্ষ্যে বিদ্যমান ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, ইউনিসেফ ও ইউএনএফপিএ‘র কারিগরি সহায়তায় বর্তমানে এই আইনের সংশোধনী খসড়া প্রণয়নের কাজ চলছে। প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে বিদ্যমান আইনের বিশেষ পরিস্থিতি সংক্রান্ত বিধানটিকে অপব্যবহার করে বাল্যবিবাহ দেয়ার যে সুযোগ রয়েছে, তা পুরোপুরি বন্ধ করা হবে।
নতুন এই ব্যবস্থার ফলে জাল জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক ছেলে–মেয়েদের প্রকৃত বয়স গোপন করার প্রবণতা অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
সংসদে দেয়া বক্তব্যে মন্ত্রী আরও উল্লেখ করেন, দেশে এখনও অনেক বিয়ে কেবল ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে সম্পন্ন হয় এবং সেগুলোর আনুষ্ঠানিক নিবন্ধন করা হয় না। ফলে মাঠপর্যায়ে এ ধরনের বিয়ের ওপর কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে।
বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূল করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে একটি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।