জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ভাড়া কিলোমিটার প্রতি ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে যাত্রী কল্যাণ সমিতি।
রবিবার (১৯ এপ্রিল) সমিতি অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রস্তাব করা হয়।
অতীতে তেলের দাম কমানোর পরিপ্রেক্ষিতে যে হারে বাস ভাড়া কমানো হয়েছে, সেই একই অনুপাতে এবার ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুত্বপূর্ণ অংশীজন ও গণমাধ্যমকে এড়িয়ে বিআরটিএ সদর দপ্তরে ‘গোপনে গণপরিবহনে ভাড়া বৃদ্ধির খবর পেয়ে’ তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, “জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে পুঁজি করে বাস মালিক সমিতির সরকার সর্মথিত প্রভাবশালী নেতারা অতীতের ‘ফ্যাসিস্ট সরকারের’ পদাঙ্ক অনুসরণ করে সরকারের সঙ্গে মিলে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করছে। রাতের আঁধারে ভাড়া বৃদ্ধির গোপন বৈঠক এমন চক্রান্তের ইঙ্গিত দেয়।”
মোজাম্মেল হক আরও বলেন, “তিন দফা জ্বালানি তেলের দাম ৩ টাকা হারে কমানোর পরিপ্রেক্ষিতে বাস ভাড়া তিন পয়সা হারে কমানো হয়েছে, দুই টাকা কমানোর পরিপ্রেক্ষিতে দুই পয়সা হারে কমানো হয়েছে। এবার প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি হয়েছে। তাই আগের হিসাবে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধি হতে পারে।”
আমলাতন্ত্রকে ‘ম্যানেজ’ করে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করা হলে সরকারের জনপ্রিয়তা কমবে এবং জনরোষ তৈরি হবে বলেও মন্তব্য করেন যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
তাই বাস মালিক সমিতিকে ‘একচেটিয়া সুবিধা প্রদানের এমন কর্মকাণ্ড’ থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।
এসএ