
বাংলাদেশের জলসীমায় ভারতীয় ট্রলার, আটক ৯

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় এফবি এনি নামের একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ট্রলার ও জেলেদের মোংলার ফেরিঘাটে নিয়ে আসে নৌবাহিনী এবং পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান হানান জানান, সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন টুনা ফিশ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাছের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত শুক্রবার (১৭ অক্টোবর) বঙ্গোপসাগর থেকে একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।