বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬

নাটোরে র‍্যাবের ওপর হামলা, আহত ৫ সদস্য

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নাটোরের লালপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক উদ্ধার সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ করতে গিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন র‍্যাব সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) রাত ৯ টার দিকে লালপুর উপজেলার পদ্মা নদীরপাড়ের নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে র‍্যাব সদস্যদের উদ্ধার করে ও সোহাগ নামে একজনকে জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করে পুলিশী হেফাজতে নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর এলাকায় পদ্মা নদীর তীরে সাদা পোশাকে র‍্যাব সদস্যরা মাদক উদ্ধার সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে যায়। এসময় স্থানীয় সোহাগের নেতৃত্বে কয়েকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত র‍্যাব সদস্যদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ সোহাগ নামে এক যুবককে হেফাজতে নিয়েছে। তিনি ওই এলাকার ফজল মন্ডলের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন ডিলু বলেন, “র‍্যাব সদস্যদের মারধরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।”

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাম্মী আক্তার জানান, র‍্যাবের চার সদস্য শারীরিক আঘাতজনিত কারণে চিকিৎসা নিয়েছেন। এছাড়া শাহীন নামে এক র‍্যাব সদস্য পেটব্যথাজনিত সমস্যায় চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাহেদুল আলম

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More